ঢাকার নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই পান্নু ৬৫ দিন ধরে নিখোঁজ। তিনি ৮ জানুয়ারী ব্যক্তিগত কাজে রাজশাহীর উদ্দেশ্যে তার বাসা থেকে বেরিয়েছিলেন এবং এখনও বাড়ি ফিরে আসেননি। তার কোনও খোঁজ পাওয়া যায়নি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।
শনিবার (১৫ মার্চ) ভোর ১:১৫ মিনিটে বিএনপির যুগ্ম দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই পান্নুকে ৬৫ দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি ৮ জানুয়ারী রাজশাহীর উদ্দেশ্যে তার বাসা থেকে বেরিয়েছিলেন, কিন্তু এখনও তাকে খুঁজে পাওয়া যায়নি। তার মোবাইল ফোন বন্ধ রয়েছে।’
মির্জা ফখরুল বলেন, ‘তার ছেলে সিহাব তমাল নবাবগঞ্জ থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। তারপর থেকে প্রশাসন তাকে উদ্ধারের চেষ্টা করছে, কিন্তু এখনও তাকে খুঁজে পাওয়া যায়নি। ফলে পান্নুর পরিবার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। বিষয়টি নিয়ে তার পরিবার এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।