পিরোজপুরে নির্মাণাধীন মডেল মসজিদে হামলা, চাঁদাবাজি ও ভাঙচুরের মামলায় জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মুসাব্বির মাহমুদ সানি ও তার সহযোগী মিলন সিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ মার্চ) দুপুর আড়াইটার দিকে পিরোজপুরের কাপুরিয়া পট্টি এলাকার ব্র্যাক ব্যাংকের চতুর্থ তলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সোবহান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত মুসাব্বির মাহমুদ সানি পিরোজপুর সদর উপজেলার উত্তর মাছিমপুর গ্রামের মোঃ কিশলুর ছেলে। আর মিলন সিকদার পিরোজপুর সদর উপজেলার উত্তর নামাজপুর গ্রামের লিটন শিকদারের ছেলে। মুসাব্বির মাহমুদ সানি পিরোজপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি ছিলেন।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান জানান, পিরোজপুরে নির্মাণাধীন একটি মডেল মসজিদে হামলা, ভাঙচুর ও টাকা চুরির অভিযোগে গত রাতে দায়ের করা মামলায় মুসাব্বির মাহমুদ সানি ও তার সহযোগী মিলন সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। মুসাব্বির মাহমুদ সানির বিরুদ্ধে আরও বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
প্রসঙ্গত, মুসাব্বির মাহমুদ সানিসহ ২৫ থেকে ৩০ জনের একটি দল গতকাল (২১ মার্চ) বিকেলে পিরোজপুর সদর উপজেলায় নির্মাণাধীন একটি মডেল মসজিদে হামলা, ভাঙচুর ও টাকা চুরি করে। এই ঘটনায় শুক্রবার (২১ মার্চ) রাতে হামলার কথা স্বীকার করা প্রকল্প ব্যবস্থাপক মো. শহীদুল ইসলাম পিরোজপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে তা মামলায় পরিণত হয়।
ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি মেহেদী হাসান অভিযোগ করেন যে, তারা হঠাৎ এসে আক্রমণ করে। তাদের হাতে হাতুড়ি, চাইনিজ রড, কুড়াল ছিল এবং জিনিসপত্র ভাঙচুর শুরু করে। তারা আমাকে মারধর শুরু করে। তারা আমাদের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে এবং শ্রমিকদের বেতনের জন্য নির্ধারিত ৫ লক্ষ টাকা কেড়ে নেয়।