আগামী সপ্তাহে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিতব্য বিমসটেক আঞ্চলিক নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং। শীর্ষ সম্মেলনে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূসের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করতে চান। বিষয়টি সম্পর্কে অবগত অন্তত তিনটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, জান্তা প্রধান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও বৈঠক করতে চান।
২০২১ সালে দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন মিন অং হ্লাইং। অভ্যুত্থানের পর থেকে দেশজুড়ে ছড়িয়ে পড়া গৃহযুদ্ধের মধ্যে তিনি দক্ষিণ-পূর্ব এশীয় দেশ থাইল্যান্ডে একটি বিরল সফর করছেন।
পশ্চিমা বিশ্ব থেকে মিন অং হ্লাইং ব্যাপক নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছেন। আসিয়ান কর্তৃক প্রস্তাবিত শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থতার জন্য তাকে দক্ষিণ-পূর্ব এশীয় ব্লকের শীর্ষ সম্মেলনে যোগদান থেকেও নিষিদ্ধ করা হয়েছে।
গণমাধ্যমের সাথে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানিয়েছে, ৩-৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিতব্য বিমসটেক জোটের বেশিরভাগ দক্ষিণ এশীয় দেশের নেতাদের শীর্ষ সম্মেলনে মিন অং হ্লাইং যোগ দেবেন। মিয়ানমারের প্রতিনিধিদল জান্তা প্রধান এবং জোটের নেতা ও শীর্ষ কর্মকর্তাদের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠকের ব্যবস্থা করতে চাইছে।

বেশ কয়েকটি সূত্র জানিয়েছে যে মিয়ানমারের কর্মকর্তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠকের অনুরোধ করেছেন।
মিয়ানমারের একটি সূত্র মিয়ানমারের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে রয়টার্সকে জানিয়েছে, “তারা বৈঠকের অনুরোধ করছেন।”
ভারতীয় সরকারের একটি সূত্র জানিয়েছে যে মিয়ানমারের কর্মকর্তারা জান্তা প্রধান এবং মোদীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের অনুরোধ করার জন্য নয়াদিল্লির কাছে “একটি প্রস্তাব” দিয়েছেন। তবে ভারত এখনও বৈঠকের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি।
রয়টার্স জানিয়েছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি। মিয়ানমারের সামরিক সরকারের একজন মুখপাত্রের সাথে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা যায়নি।
রয়টার্সের পক্ষ থেকে মিয়ানমারের জান্তা প্রধান বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন কিনা জানতে চাওয়া হলে থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বিমসটেক সদস্য দেশের সকল নেতা তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন।
সূত্র: রয়টার্স