বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার বিশেষ দূত ড. খলিলুর রহমান বুধবার (২ এপ্রিল) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা হলেন বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান। তাই পরবর্তী পদক্ষেপ নিয়ে সকল দেশের প্রধানদের সাথে আলোচনা প্রয়োজন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধান উপদেষ্টা আগামীকাল, বৃহস্পতিবার (৩ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাবেন বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে। সম্মেলনের প্রথম দিনে তিনি যুব সম্মেলনে যোগ দেবেন। পরের দিন তিনি সম্মেলনে বক্তৃতা দেবেন।
আরও জানানো হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে একটি বৈঠক হতে পারে।
এছাড়াও, তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে সাক্ষাৎ করবেন। সম্মেলনে তিনটি সমঝোতা স্মারক এবং চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ সময় উপস্থিত ছিলেন।