মানিকগঞ্জ সদর উপজেলায় একটি এসি কার্টনের ভেতর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার পুটাইল ইউনিয়নের মিত্র-বারুন্ডি আঞ্চলিক সড়কের এগারশ্রী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতের কোন এক সময় খুনিরা ওই স্থানে একটি কার্টনে মোড়ানো লাশটি ফেলে রেখে যায়। শুক্রবার সকালে গ্রামবাসীরা কার্টনে মোড়ানো জিনিসটি দেখতে পায়। এরপর তারা পুলিশে খবর দেয় এবং দুপুর ২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
পুটাইল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও স্থানীয় বাসিন্দা চিত্ত রঞ্জন সরকার বলেন, স্থানীয়রা সকলেই আমাকে খবর দিলে আমি গ্রাম পুলিশকে পাঠিয়ে বাঁশের ঝোপ থেকে কার্টনের বাক্সটি তুলে রাস্তার পাশে রাখতে বলি। সেই সময় কার্টন থেকে দুর্গন্ধ এবং রক্ত বের হচ্ছিল। পুলিশকে খবর দেওয়া হলে তারা (পুলিশ) এসে কার্টনটি খুলে মধ্যবয়সী এক মহিলার লাশ উদ্ধার করে।
গ্রাম পুলিশ হোসেন আলী বলেন, মেম্বার আমাকে ফোন করে জানালে আমি ঘটনাস্থল থেকে কার্টনটি তুলে রাস্তার উপর রাখি। পরে পুলিশ এসে কার্টনটি খুলে গুরুতর আহত অবস্থায় মৃতদেহটি দেখতে পায়।
এই ঘটনায় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন এবং সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আমান উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, সিআইডির ক্রাইম সিন ইউনিট পরিচয় শনাক্তের জন্য কাজ করছে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।