জনপ্রশাসনে তিনজন সচিব পদে রদবদল করেছে অন্তর্বর্তী সরকার। রোববার (৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে এসব রদবদল করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. নিজাম উদ্দিনকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব (সংযুক্ত) করে বদলি করা হয়। এছাড়া সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব হিসেবে সদ্য নিয়োগ পাওয়া মো. কামাল উদ্দিনকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব হিসেবে বদলি করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগে নতুন সচিব নিয়োগ পেয়েছেন মো. রেজাউল মাকছুদ জাহেদী। তিনি গত ৬ অক্টোবর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেন। ১৯৯৪ সালে বিসিএস প্রশাসন সার্ভিসের সদস্য হিসেবে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে চাকরিতে যোগদান করেন।
তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন পানি সম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) মহাপরিচালক (অতিরিক্ত সচিব), আইসিটি অধিদপ্তর, আইসিটি বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পেয়ে অবসরে গেছেন হামিদুর রহমান খান। তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব ছিলেন। গত ২৫ মার্চ মো. হামিদুর রহমান খানকে অবসরে যাওয়ার সুবিধার্থে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছিল।