প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র পারভেজ হত্যা মামলায় প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের জন্য প্রশাসনের প্রতি কড়া বার্তা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সোমবার তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন।
পোস্টে তিনি লিখেছেন, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র পারভেজ হত্যাকাণ্ডের সকল প্রকৃত অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। অনেককে গ্রেপ্তার করা হয়েছে, যদি আরও কেউ থেকে থাকে, তাহলে তাদেরও গ্রেপ্তার করতে হবে। যদি শুনি কেউ বা কারা বা কোথাও থেকে প্রশাসনকে বাঁধাগ্রস্ত করা হচ্ছে, তাহলে ঢাকার জনগণকে সঙ্গে নিয়ে থানা ঘেরাও দেওয়া হবে।
প্রসঙ্গত, গত শনিবার বিকেলে রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ নিহত হন। ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম দাবি করেছেন যে নিহত পারভেজ ছাত্রদলের কর্মী ছিলেন। নিহতের চাচাতো ভাই হুমায়ুন কবির একই রাতে বনানী থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বহিরাগতসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে।