অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। তিনি সেখানে ‘আর্থানা শীর্ষ সম্মেলন-২০২৫’-এ অংশগ্রহণ করবেন।
তিনি আজ সোমবার সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।
এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে ড. ইউনূস এই সফরে যাচ্ছেন। সেখানে ‘আর্থানা শীর্ষ সম্মেলন-২০২৫’-এ অংশগ্রহণের পাশাপাশি, প্রধান উপদেষ্টার কাতারের আমিরের সাথে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, ‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: ‘স্থায়িত্ব, উদ্ভাবন এবং ঐতিহ্যবাহী জ্ঞান’ থিমের ‘আর্থানা শীর্ষ সম্মেলন’-এর দ্বিতীয় সংস্করণটি কাতারের গরম ও শুষ্ক জলবায়ুতে টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে তার ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং অনন্য পরিবেশগত বৈচিত্র্যকে কাজে লাগানোর প্রতিশ্রুতি তুলে ধরবে।
২২ এবং ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য এই শীর্ষ সম্মেলনে বিভিন্ন বিষয়ের উপর উপস্থাপনা, ইন্টারেক্টিভ প্যানেল আলোচনা, কর্মশালা এবং গোলটেবিল আলোচনা থাকবে।