‘জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দেবে, যে দলকে ইচ্ছা সে দলকে ভোট দিয়ে বিজয়ী করে সরকারে বসাবে। কিন্তু সেটা এখনো কেন ফিরে আসছে না, সেটা নিয়ে এত গড়িমসি কেন, প্রশ্ন রেখে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যে ভোটের জন্য অনেক নেতাকর্মী ক্রসফায়ারে জীবন দিয়েছে, গুম হয়েছে, এত রক্ত ঝরেছে, সে ভোট তো আমরা এখনো পেলাম না। এ ভোটের জন্যই তো এত লড়ায়, এত সংগ্রাম?’
আজ শনিবার বিকেলে নরসিংদীর মনোহরদীতে হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য বিগত ১৫ বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্ব অনেক ঝুঁকি নিয়ে, অসংখ্য মামলা নিয়ে রিমান্ডে এবং কারাগারে থেকে বিএনপির নেতাকর্মীরা ত্যাগ স্বীকার করেছন। সেই ত্যাগ স্বীকারের মধ্যমে যে ক্ষেত্র প্রস্তুত হয়েছে, সেই প্রস্তুতকৃত জমির ওপর জুলাই আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনাকে পালাতে হয়েছিল। এর মাধ্যমেই একটি ভয়ঙ্কর রক্ত পিপাসু ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে।’
রিজভী বলেন, ‘আপনারা সংস্কারের কথা বলছেন, আগে সংস্কার সম্পূর্ণ করবেন। কখন সম্পূর্ণ করবেন, কীভাবে সম্পূর্ণ করবেন। সংস্কার পদ্মা নদীর পানির মত, বঙ্গবসাগরের স্রোতের মত চলমান। সময়ে সময়ে, যুগে যুগে যখন জনগণের যা প্রয়োজন, সেই প্রয়োজন অনুযায়ী সংস্কারের স্রোত অব্যাহত থাকবে। সংস্কার একটি নির্দিষ্ট সময়ের জন্য নয়।’ নির্বাচিত সরকার প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচিত সরকার থাকলে যে কাজগুলো করতে পারতো, সেই কাজগুলো আটকে আছে।’
এই খেলায় প্রতিদ্বন্দ্বীতা করে নরসিংদীর শিবপুরের সাতপাইকা ফুটবল একাদশ বনাম গাজীপুরের কাপাসিয়ার আলফাজ উদ্দিন মুক্তার ফাউন্ডেশন। পরে ২-০ গোলে সাতপাইকা ফুটবল একাদশ বিজয়ী হয়েছে।