দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিন বাহিনীর প্রধানদের উপস্থিতিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সভায় প্রধান উপদেষ্টা রাজধানীসহ সারা দেশে স্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখার উপর জোর দেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে এই তথ্য নিশ্চিত করেছেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বৈঠকে উপস্থিত ছিলেন।
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান মার্শাল হাসান মাহমুদ খান সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
সভায় দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তারা এ বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন। প্রধান উপদেষ্টা বেশ কয়েকটি আলোচিত ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টার প্রশংসা করেন।