রংপুর প্রতিবেদক
ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই, শান্তি পূর্ণভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা সহযোগিতা করবেন। কোথাও কোন সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে একশন নেওয়া হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘স্বল্প সময়ে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন হবে। বর্ডার এলাকার ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে প্রচুর পরিমাণে বিজিবি মোতায়েন করা হয়েছে। বর্ডার এলাকায় সাধারণত ৮ কিলোমিটারের মধ্যে সেনাবাহিনী যায় নাহ। যদি কোনো ঝুকিপূর্ণ কেন্দ্রে প্রয়োজন হয়, সেখানেও সেনাবাহিনী যাবে। নির্বাচনে কোনো কারচুপির সুযোগ নেই। এই নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ।’
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘রংপুর অঞ্চলের মানুষ অন্যান্য এলাকার চেয়ে বেশি শান্তিপ্রিয়। এখানকার নির্বাচনও শান্তিপ্রিয় ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। এখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও প্রস্তুত। আজকের সম্মেলনে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতি ছিল।’