প্রতিবেদক
ঢাকার বনানীতে আজ শুক্রবার জুমার নামাজ আদায় শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান শিশু-কিশোদের সঙ্গে কিছু সময় কাটান। এ সময় এক শিশু প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলে, ‘আঙ্কেল, আপনি রোজা রাখেন?’ শিশুটির সঙ্গে হাতে মিলিয়ে জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি তো রোজা রাখি।’এরপর একে একে অন্য শিশুদের সঙ্গেও হাত মেলান প্রধানমন্ত্রী। কারও মাথায় হাত বুলিয়ে দেন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘মসজিদে মহিলাদের জন্য আলাদা স্থানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান নামাজ আদায় করেন। নামাজ শেষে প্রধানমন্ত্রী বেরিয়ে যাওয়ার সময়ে শিশু-কিশোরদের কাছে গিয়ে তাদের সাথে কুশল বিনিময় করেন, তাদের খোঁজ-খবর নেন। এসময় শিশুরা উচ্ছসিত হয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে।’

এক শিশু প্রধানমন্ত্রীকে সালাম দিয়ে বলে, ‘আঙ্কেল আজকেরটা ছাড়া সব রোজা রেখেছি।’ প্রধানমন্ত্রী তার মাথায় হাত বুলিয়ে বলেন, “তাই!” অপর পাশ থেকে আরেক শিশু বলে ওঠে, ‘আঙ্কেল আমি সবগুলো রোজা রেখেছি।’ প্রধানমন্ত্রী তার মাথায় হাত বুলিয়ে বললেন, “ভেরি গুড।”
প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে পেয়ে হাসি-খুশিতে মেতে ওঠে শিশুরা। পরে মসজিদ থেকে জুবাইদা রহমান বেরিয়ে আসলে প্রধানমন্ত্রী শিশুদের কাছ থেকে বিদায় নেন। এরপর শিশুদের উদ্দেশ্যে হাত নেড়ে বিদায় নেন প্রধানমন্ত্রী।