বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :

ইরানে হামলা: শেয়ারবাজারে সূচকে বড় পতন

নিজস্ব প্রতিবেদক

চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১ মার্চ) শেয়ারবাজারে বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৯টি শেয়ার ও ইউনিটের মধ্যে মাত্র ৩৬টি বাদে সবগুলোর দরপতন হয়েছে। বড় এই দরপতনে এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচক দিনের ব্যবধানে ২ শতাংশের ওপরে কমেছে। দরপতন ও সূচকে বড় পয়েন্ট হারানোর পাশাপাশি লেনদেনেও ভাটা পড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ সকাল ১০টায় লেনদেনের শুরুতেই ডিএসইতে প্রায় সবগুলো শেয়ার ও ইউনিটেরর দাম কমার তালিকায় অংশ নেয়। এতে লেনদেন শুরুর মাত্র ১ মিনিটেই সার্বিক মূল্যসূচক ডিএসইএক্স সূচক ২২৩ পয়েন্টে কমে যায়। মাত্র ১ মিনিটে সূচকের এত বড় পতন এটিই শেয়ারবাজারে প্রথম। পরে অবশ্য কয়েকটি শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় আসে। এতে সূচকের রেকর্ড পতনের ব্যবধান পরে কিছুটা কমতে থাকে।

দিনশেষে ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৮৯টি শেয়ার ও ইউনিটগুলোর মধ্যে মাত্র ৩০টি দাম বাড়ার তালিকায় স্থান পেয়েছে। বিপরীতে দাম কমেছে ৩৫৩টির। আর ৬টির দাম অপরিবর্তিত রয়েছে।

দাম বৃদ্ধির তুলনায় পতনে তালিকা প্রায় ১২ গুণ বড় হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স দিনের ব্যবধানে ১৩৯ পয়েন্ট কমে ৫ হাজার ৪৬২ পয়েন্টে নেমেছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ২৭ পয়েন্ট কমে ১ হাজার ৯০ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৫২ পয়েন্ট কমে ২ হাজার ১১৭ পয়েন্টে নেমেছে।

এদিকে বড় দরপতন ও সবকটি মূল্যসূচকে বড় পতনের পাশাপাশি এক্সচেঞ্জটির লেনদেনও দিনের ব্যবধানে উল্লেখযোগ্য পরিমান কমেছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৭৭৫ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট। গত বৃহস্পতিবার বাজারটিতে ৯৪৭ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সবগুলো মূল্যসূচকে বড় পতন হয়েছে। এক্সচেঞ্জটির সার্বিক মূল্যসূচক সিএএসপিআই দিনের ব্যবধানে ২৪৬ পয়েন্ট কমে ১৫ হাজার ৩৫১ পয়েন্টে অবস্থান নিয়েছে। আর প্রধান সূচক সিএসসিএক্স ১৬৫ পয়েন্ট কমে ৯ হাজার ৪২২ পয়েন্টে নেমেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

প্রযুক্তি সহায়তায় রায়তাহোস্ট