সারাদেশ
সুবর্ণচরে ‘নব্য বিএনপি’র অত্যাচারে অতিষ্ঠ মূল বিএনপি, প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

নোয়াখালীর সুবর্ণচরে কথিত ‘নব্য বিএনপি’র অত্যাচারে অতিষ্ঠ হয়ে মূল বিএনপির নেতাকর্মী ও স্থানীয় জনগণ মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে। ভূমিদস্যু, জবরদখলকারী, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।
রোববার দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সিডিএসপি বাজারে স্থানীয় জনগণের ব্যানারে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ৫ আগস্টের পর কিছু ব্যক্তি নতুন করে বিএনপির নাম ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করছে। তারা দলের নাম ভাঙিয়ে জমি দখল, উন্নয়ন প্রকল্প দখলসহ নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
তাদের দাবি- নির্বাচনের আগে স্থানীয় সংসদ সদস্য মো. শাহজাহান ভূমিহীনদের জমি ফেরত দেওয়ার আশ্বাস দিলেও নির্বাচনের পর নব্য বিএনপি আওয়ামী দোসরদের সঙ্গে আতাত করে পুনরায় জমি জবর দখলে নেমেছে।
বক্তারা আরও বলেন, এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাস, ভূমিদখল, মাদক ব্যবসা ও নারী নির্যাতনের ঘটনায় সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। তাদের অভিযোগ, স্থানীয় চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরীর ইন্ধনে ‘নব্য বিএনপি’র পরিচয়ে ইসমাইল কমান্ডার, কল্লা জামালসহ একটি চক্র এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে। এসবের প্রতিবাদ করায় ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দিদারুল আলমের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করেন তারা।
সমাবেশ থেকে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার এবং ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।
এদিকে, স্থানীয় চেয়ারম্যান মহি উদ্দিন চৌধুরী অভিযোগ অস্বীকার করে বলেন, দিদারুল আলম এবং তার ভাই জসিম উদ্দিন কালা ও চাঁন্দা ডাকাতের নেতৃত্বে দীর্ঘদিন ধরে ভূমিহীনদের জমি দখল, মারধরসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গত ২৪ জুলাই স্থানীয় জনগণ তাদের বিরুদ্ধে মানববন্ধন করে। সেই ঘটনাকে আড়াল করতে ভাড়াটিয়া লোকজন দিয়ে বর্তমান কর্মসূচির মাধ্যমে বিভ্রান্তিকর প্রচার চালানো হয়েছে।








