এইচএসসি পরীক্ষা, অনুপস্থিত ২০ হাজারের বেশি

শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই দেশের ৫৯ জেলায় (চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাঁচ জেলা ছাড়া) এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ সাধারণ আটটি শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে ২০ হাজার ৫২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছে ১৫ জন।
বুধবার (১৫ জুলাই) তিনটি বিষয়ের দ্বিতীয়পত্র পরীক্ষা নেওয়া হয়।
বুধবার বিকেলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনের তথ্যমতে, সাধারণ আটটি শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যার দ্বিতীয়পত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৪ লাখ ৫৩ হাজার ৮৩৯ জন।
এর মধ্যে অংশ নেয় ৪ লাখ ৪১ হাজার ৭৩৮ জন। অনুপস্থিত ছিল ১২ হাজার ১০১ জন।
বহিষ্কার হয়েছে ১০ জন। গড় অনুপস্থিতির হার ২ দশমিক ৬৭ শতাংশ।
মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম পরীক্ষায় আরবি দ্বিতীয়পত্র পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ৬৮ হাজার ৬০ জনের। অনুপস্থিত ছিল ৪ হাজার ৮৫৫ জন। বহিষ্কার হয়েছে পাঁচজন। গড় অনুপস্থিতির হার ৭ দশমিক ০৯ শতাংশ।
কারিগরি শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল ৩ হাজার ৯৬ জন। এ বোর্ডে কেউ বহিষ্কার হয়নি। গড় অনুপস্থিতির হার ৩ দশমিক ৮৬ শতাংশ।
এর আগে ১৩ জুলাই অনুষ্ঠিত একই বিষয়ের প্রথমপত্র পরীক্ষায় অনুপস্থিত ছিল ১৯ হাজার ৫৯২ জন। সে হিসাবে দ্বিতীয়পত্রে অনুপস্থিতির সংখ্যা বেড়েছে ৪৬০ জন। প্রথমপত্র পরীক্ষায় বহিষ্কার হয়েছিল ২৯ জন।
এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়া এবং শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলার প্রতিবাদে মঙ্গলবার দিনভর বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আন্দোলনে নামেন তারা।
শিক্ষার্থীদের কয়েকটি দাবি পূরণ হলেও বুধবারের পরীক্ষা স্থগিত করা হয়নি। পরে পরীক্ষা শেষে ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি নিয়ে সায়েন্সল্যাব মোড় থেকে শিক্ষা ভবন ও সচিবালয়ের দিকে যাত্রা করে তারা। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।

