লতিফ সিদ্দিকীকে ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হবে বলে জানিয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানিয়েছে, শাপলা চত্বরে হেফাজতে ইসলামীর সমাবেশ পণ্ড করা এবং হত্যাকাণ্ড সংঘটনের পরিকল্পনায় শেখ হাসিনা ও আওয়ামী লীগের দলীয় বৈঠকে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাকে ট্রাইব্যুনালে হাজির করে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হবে।
বুধবার (২৯ জুলাই) রাতে রাজধানীর গুলশানে নিজ বাসা থেকে আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এর আগে একই দিন ঢাকার একটি নিম্ন আদালতে হাজিরা দিতে গিয়ে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন। শাপলা চত্বর হত্যাকাণ্ডের এ মামলায় লতিফ সিদ্দিকী ১০ নম্বর আসামি হিসেবে রয়েছেন।








